দুর্গাপূজায় ফেনীতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, স্থাপন হবে বেইজ ক্যাম্প

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন, ফেনী: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম উপজেলার বক্স মাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি ছাগলনাইয়া উপজেলার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্‌যাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ফেনী ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে।

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে থাকবে।সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি।

এ লক্ষ্য বাস্তবায়নে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর