পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ১৩ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় চলাচলের পথ নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভাতিজা মোঃ সিরাজুল গাজীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার হাচিমপুর গ্রামের মৃত মাদার গাজীর ছেলে মোঃ সিরাজুল গাজীর সঙ্গে তার আপন চাচি মিলিয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে বৃদ্ধা মিলিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানহানি করা হয়।

ঘটনার পর মিলিয়া বেগম বিষয়টি সমাধানের লক্ষে স্থানীয় প্রতিবেশী জাহাঙ্গীর গাজীর কাছে মৌখিক অভিযোগ করেন। পরে জাহাঙ্গীর গাজী বিষয়টি নিয়ে সিরাজুল গাজীর সঙ্গে কথা বলতে গেলে অভিযোগের সত্যতা পান বলে দাবি করেন।

এ সময় তিনি সিরাজুলকে চাচির কাছে ক্ষমা চাইতে পরামর্শ দিলে উল্টো তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও মামলার ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন।

জাহাঙ্গীর গাজী আরও জানান, ২০২৩ সালে এলাকায় মাছ চুরির একটি ঘটনায় স্থানীয় শালিশ বৈঠকে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজুল গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

ওই ঘটনার জেরে বর্তমানে প্রতিশোধমূলকভাবে তাকে এবং এলাকার আরও কয়েকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা মিলিয়া বেগম বলেন, পুকুরপাড়ের চলাচলের রাস্তা নিয়ে আমার ভাশুরের ছেলে সিরাজুল আমাকে এমন ভাষায় গালিগালাজ করেছে, যা মুখে বলা সম্ভব না। তাই আমি প্রতিবেশী জাহাঙ্গীরের কাছে বিচার দিয়েছি।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বৃদ্ধা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে সিরাজুল গাজী জানান, আমার আপন চাচির সাথে কথা কাটাকাটির জের ধরে জাহাঙ্গীর গাজী আমাকে মারতে আসে।

মন্তব্য লিখুন

আরও খবর