ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়ি ভাঙচুর লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
আতঙ্কে পরিবার, ‘যেকোনো সময় পুড়িয়ে দিতে পারে’ বসত বাড়ি।ছবি- সময়ের আবর্তন

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়ায় একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত করে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ গোলজার মিয়া (৪৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র—লোহার রড, রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় অভিযুক্ত বাইজিদ হামলার নির্দেশ দিলে অন্যরা বাড়িসহ আশপাশের আরও ৮টি বসতঘরে হামলা চালায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, অন্তত আটটি বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্থানীয় প্রতিবেশী আব্দুর রহমান ও মজনু মিয়া জানান, “যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা গুরুতর অন্যায় করেছে। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।”

ভুক্তভোগীর ভাই মহসিন বলেন, “আমরা একেবারেই নিরীহ ও অসহায়। প্রশাসন ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। যেকোনো সময় তারা আমাদের বাড়িতে এসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারে—এই আতঙ্কে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এদিকে ভুক্তভোগীর মেয়ে তাহমিনা বলেন, “আমি আগে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা করেছিলাম। সেই মামলার জের ধরেই আমাদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে। বাড়িঘর ভাঙচুর করে সবকিছু লুট করে নিয়ে গেছে। হাশেম মিঞাসহ অভিযুক্তদের অত্যাচারে আমরা অতিষ্ঠ।”

ভুক্তভোগীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরের দরজা-জানালা, বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের জিম্মি করে নগদ প্রায় এক লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, কানের দুল, হাতের চুড়ি, কম্বল, ড্রয়িং টেবিল, সুটকেস ও কাপড়চোপড়সহ উল্লেখযোগ্য পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষ করেন। অভিযোগে বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে সরাইল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর