শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : নানা আয়োজনেে শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এরপর শহরের কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বরের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংক্ষিপ্ত নাটিকা ‘জুলাই ৩৬’ প্রদর্শন করা হয়।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর