​শ্রমজীবী ও কর্মজীবীদের আস্থায় ইমদাদ: বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ডে বিশেষ নজর

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ , ১১ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 18 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। মেয়র পদে বিএনপি সমর্থিত তরুণ ও জনপ্রিয় প্রার্থী, বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, দক্ষ ক্রীড়া সংগঠক ও যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ৯টি ওয়ার্ড জুড়ে টানা ৩ মাস ধরে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে দিনের শেষ ভাগ পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মী, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমর্থকদের সাথে নিয়ে পৌরসভার অতি গুরুত্বপূর্ণ ৭নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে ৫ম দিনের নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের খোঁজ-খবর নেন।

শিশু-কিশোর, বয়োজ্যেষ্ঠ ও মা-বোনেরা তাকে কাছে পেয়ে স্নেহের পরশ ও বুকে জড়িয়ে ধরে দোয়া ও সমর্থন জানাচ্ছেন। তরুণ এই নেতা যেভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তাতে ৯টি ওয়ার্ডেই তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
​
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন গাজীপুর গ্রামটি কর্মজীবী ও শ্রমজীবী মানুষের প্রধান আবাসস্থল হওয়ায় নির্বাচনী দৃষ্টিকোণ থেকে এই ওয়ার্ডটির গুরুত্ব অনেক বেশি। প্রার্থীর প্রচারণা অফিস পাড়া ও শ্রমিক সমাবেশগুলোতেও বেশ প্রাধান্য পাচ্ছে।

গ্রামটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর শাখা খালটি এলাকার সৌন্দর্য বাড়িয়ে তুললেও পলি জমে ভরাট হওয়ায় গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এটি পুনঃখননের।

গণসংযোগকালে ভোটাররা এই দাবি তুলে ধরলে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ নির্বাচিত হলে নদীটি দ্রুত পুনঃখনন করে এলাকার জলাবদ্ধতা দূর করা ও পরিবেশ উন্নয়নের জোরালো আশ্বাস দেন।

এর আগে গত ৩ অক্টোবর পৌর এলাকায় শিক্ষার মান উন্নয়নে বেনাপোল পৌর বিয়েবাড়ীতে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে তিনি পুরো পৌরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন।

দীর্ঘ ৩ মাসের এই ধারাবাহিক গণসংযোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তিনি। স্থানীয় ভোটারদের মতে, তার প্রতিশ্রুতি ও মানবিক কর্মকাণ্ডে মানুষ আস্থা খুঁজে পেয়েছে এবং আগামী নির্বাচনে তার ওপরই আস্থা রাখতে চায়।

​রবিবারের এই গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের সাথে মতবিনিময়ে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন,এই গাজীপুর গ্রামের মাটিতে এসে, আপনাদের দুয়ারে দাঁড়িয়ে আমার বুকটা গর্বে ও ভালোবাসায় ভরে গেছে। আপনারা যেভাবে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা এবং দোয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

টানা তিন মাস ধরে আমি আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি, আপনাদের সুখ-দুঃখের কথা শুনছি। বেনাপোল স্থলবন্দরের এই গুরুত্বপূর্ণ এলাকার শ্রমিক ভাই, কর্মজীবী মানুষ ও সাধারণ ভোটাররা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন, তাতে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।

আপনারা জানেন, বেনাপোল শুধু একটি পৌরসভা নয়, এটি আমাদের অহংকার। কিন্তু দীর্ঘদিন ধরে নাগরিক সুযোগ-বঞ্চিত এই পৌরসভাকে আমরা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে দেখতে চাই।

আপনারা এই গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ইছামতি নদীর শাখা খালটি পুনঃখননের যৌক্তিক দাবি জানিয়েছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পবিত্র আমানত নিয়ে যদি আমি মেয়র হিসেবে নির্বাচিত হতে পারি, তবে প্রথমেই এই খালটি পুনঃখনন করে এলাকার জলাবদ্ধতা দূর করা এবং পরিবেশের সৌন্দর্য ফিরিয়ে আনার ব্যবস্থা করব।

​এছাড়া আমাদের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার মান উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানে আমরা কাজ করব। কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা জানিয়ে আমরা যেমন শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় নিয়েছি, তেমনি পৌরসভার প্রতিটি ঘরে সুশাসন, নিরাপত্তা এবং নাগরিক সেবা পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করে যাব।

​আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে, উন্নয়নের পক্ষে আপনাদের মূল্যবান রায় দেবেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন—এই প্রত্যাশাই করি।

আপনাদের সুখে-দুঃখে অতীতে যেমন ইমদাদ আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও আজীবন আপনাদের আস্থার প্রতীক হয়ে পাশে থাকব ইনশাআল্লাহ।