সবার আগে বাংলাদেশ’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ , ২১ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হলরুমে সবার আগে বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিস,ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। সভায় বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই নির্ভর না হয়ে নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মন্তব্য লিখুন

আরও খবর