শেরপুরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরে মৃগী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর আব্দুল জলিল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা নেলুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আব্দুল জলিল কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।

সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল। এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে গোসল করতে নামার পর সে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার মৃগী নদীর ইলিশা ঘাটে আব্দুল জলিলসহ তিন বন্ধু গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে একপর্যায়ে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রবিবার দুপুরের দিকে মৃগীর নদীর কুঠুরাকান্দা নেলুর ঘাট এলাকায় আব্দুল জলিলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, মৃগী নদীতে কিশোর নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে রবিবার দুপুরে ভাটির দিকে ওই কিশোরের লাশ ভেসে ওঠায় স্থানীয়রা উদ্ধার করেছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।