বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে নাকাল জনসাধারণ

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

রাজধানীর বনানী এলাকায় মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে করে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানটির শ্রমিকরা বনানীর চেয়ারম্যান বাড়ি মোড়ে সড়কে অবস্থান নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

তিনি জানান, আন্দোলনরত শ্রমিকরা মহাখালী থেকে উত্তরার দিকে যাওয়ার পথে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি বর্তমানে আউটগোয়িং যানবাহনের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রে জানা যায়, আন্দোলনের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত এলাকায় যানজটের তীব্রতা বেড়ে গেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, মাসুদ গার্মেন্টসের শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এলাকায় অবস্থান নিয়ে মহাখালী থেকে উত্তরার পথে যান চলাচল ব্যাহত করছেন। তবে উত্তরা থেকে আসা যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে।

যাত্রাপথে পরিবর্তন আনতে মহাখালী বা জাহাঙ্গীর গেট এলাকা থেকে উত্তরমুখী যাত্রীদের বিকল্প হিসেবে আমতলী হয়ে গুলশান ১, গুলশান ২, তারপর নতুনবাজার কিংবা বনানী ২৭ নম্বর রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর