ড.রফিক হিলালী

রাজনৈতিক বিদ্বেষ থেকেই আমার ডিগ্রি নিয়ে অপপ্রচার

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ , ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমান, নেত্রকোনাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের বারবার ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর পিএইচডি ডিগ্রিকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তির বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অপপ্রচারের কড়া জবাব দেন।

ড. হিলালী বলেন, সাম্প্রতিক সময়ে আমার পিএইচডি ডিগ্রিকে নিয়ে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক বিদ্বেষপ্রসূত।

তিনি জানান, তিনি তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বাংলাদেশে অনুমোদিত তৎকালীন শাখা থেকে, যেখানে একজন রিসার্চ প্রফেসরের তত্ত্বাবধানে তিনি গবেষণা সম্পন্ন করেন।
তাঁর গবেষণার বিষয় ছিল—
A Critical Analysis of the Contributions of Shahid President Ziaur Rahman (Bir Uttam) in the Liberation War of Bangladesh 1971.

সাবেক ছাত্রনেতা ড. হিলালী বলেন, আমার গবেষণার একটি কপি আমি নিজ হাতে ম্যাডাম খালেদা জিয়ার কাছে প্রদান করি। তিনি আমার কাজকে আন্তরিকভাবে প্রশংসা ও উৎসাহ দেন । যা আমার জীবনের এক গর্বের মুহূর্ত ছিল।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার কার্যক্রম পরবর্তীতে প্রশাসনিক কারণে বন্ধ হয়ে গেলেও, এর আগে যারা ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের সনদ কোনোভাবেই অবৈধ হতে পারে না। যেমন কোনো কলেজের অনুমোদন পরবর্তীতে বাতিল হলেও, তার পূর্ববর্তী শিক্ষার্থীদের ডিগ্রি বৈধ থাকে।

ড. হিলালী দাবি করেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কখনো তাঁর বা অনুরূপ কোনো পিএইচডি ডিগ্রিধারীর সনদ বাতিল করেনি। তিনি আরও উল্লেখ করেন, নেত্রকোনার আরেক গর্ব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন-ও একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

অপপ্রচারকারীদের উদ্দেশে হিলালী বলেন, আমার অর্জনকে প্রশ্নবিদ্ধ করা একজন গবেষক ও শিক্ষাবিদের প্রতি চরম অসম্মান। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়।

বিবৃতির শেষাংশে তিনি বলেন,আমি কারও প্রতি বিদ্বেষ পোষণ করি না। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি, ইনসাফের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করুন এবং মিথ্যার মুখোশ উন্মোচন করুন। ইনশাআল্লাহ, সত্যের জয় হবেই।

মন্তব্য লিখুন

আরও খবর