দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

“শিক্ষার আলোয় এগিয়ে চলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা–২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন, প্রাক্তন শিক্ষক, চাকুরিজীবী ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে সরকারি-বেসরকারি চাকুরিতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং উচ্চশিক্ষা সম্পন্ন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র ত্রিপুরা, আহ্বায়ক, সম্মাননা ও সংবর্ধনা আয়োজক কমিটি এবং কার্বারী, ৪ মাইল যৌথ খামার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, শিক্ষা ও সংস্কৃতি একটি জাতির মেরুদণ্ড। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষিত মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সরস্বতী পূজার মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে শিক্ষা ও মূল্যবোধের চর্চা আরও বেগবান হবে।

অনুষ্ঠানে দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, অবদান ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রাম কৃষ্ণ ত্রিপুরা, অজিন্দ্র কুমার ত্রিপুরা, সাবেক সহকারী শিক্ষক অলিন্দ্র ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক দ্বিজ মালা ত্রিপুরা এবং বর্তমান প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা-কে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রথম বিএ পাশকারী পরেন্দ্র লাল ত্রিপুরা, বর্তমান জনপ্রতিনিধি সমাপন ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা, প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্নকারী খঞ্জন জ্যোতি ত্রিপুরা, মাস্টার্স সম্পন্নকারী প্রিয় জ্যোতি ত্রিপুরা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রথম নারী মাস্টার্স সম্পন্নকারী নূপুরিকা ত্রিপুরা এবং প্রথম সংবাদকর্মী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহযোগী সদস্য দহেন বিকাশ ত্রিপুরা-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সমাজে শান্তি, ঐক্য ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন এলাকার কার্বারী ও সমাজনেতাদের সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন—৪ মাইল যৌথ খামারের কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, তৈবাকলাই পাড়ার কার্বারী বিনয় ভূষন ত্রিপুরা, ৫ মাইল কালাপানিছড়ার কার্বারী বরেন্দ্র লাল ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, ৫ মাইল যৌথ খামারের কার্বারী সুবল ময় ত্রিপুরা, ৬ মাইল নতুন পাড়ার কার্বারী স্বপন কুমার ত্রিপুরা, ৭ মাইল যৌথ খামারের কার্বারী অরুন বিকাশ ত্রিপুরা এবং প্রাক্তন ইউপি সদস্য জমেন্দ্র লাল ত্রিপুরা।

ধর্মীয় ও সাংস্কৃতিক সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান বর্ণ সিংহ ত্রিপুরা। পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় মনোরঞ্জন ত্রিপুরা, এনজিও কর্মী পরেন্দ্র লাল ত্রিপুরা, ব্র্যাক-বুরো বাংলাদেশ ফেনী অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার সঞ্জয় ত্রিপুরা, সার্জেন্ট (অব.) নিহার বিন্দু ত্রিপুরা, কর্পোরাল (অব.) চন্দ্র শেখর ত্রিপুরা, এএসআই চন্দ্র জয় ত্রিপুরা, বন্দর কর্মকর্তা সন্তোষ কুমার ত্রিপুরা, আনসার সদস্য খলেন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ পুলিশের নায়েক তপেন্দ্র লাল ত্রিপুরাসহ আরও অনেককে।

এছাড়া কৃতিত্বপূর্ণ একাডেমিক সাফল্যের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করে দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর