• দেশজুড়ে প্রধান সংবাদ
  • খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিজু-বিহু-বিষু-চাংক্রান-পাতা ২০২৬ উপলক্ষে ১৫দিনব্যাপী মেলা উদ্বোধন

খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিজু-বিহু-বিষু-চাংক্রান-পাতা ২০২৬ উপলক্ষে ১৫দিনব্যাপী মেলা উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ , ২৭ মার্চ ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু, বিষু ও চাংক্রান-পাতা ২০২৬ উপলক্ষে ১৫দিনব্যাপী বর্ণাঢ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকাল ৪টায় খাগড়াছড়ি সদর উপজেলার নিউজিল্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদযাপন কমিটির সদস্য আয়ুষ শান্তি চাকমা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক সুদর্শন চাকমা, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মংনু মারমা, জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা এবং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বহুমাত্রিক ও বহুজাতিক অঞ্চল, যেখানে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এসব ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্মান্তরে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, পোশাক ও হস্তশিল্পের প্রদর্শনী করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।