বৈসু উপলক্ষে কামিনী পাড়ায় খেলাধুলা ও সাহিত্য প্রতিযোগিতা আয়োজন

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কামিনী পাড়ায় খেলাধুলা ও সাহিত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে কামিনী পাড়া এমাং লাইব্রেরির প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে কামিনী পাড়া এমাং লাইব্রেরি, কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি ও স্থানীয় পাড়াবাসী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল ত্রিপুরা। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামিনী পাড়া বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক দিপন কুমার ত্রিপুরা এবং সঞ্চালনা করেন কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি ও এমাং লাইব্রেরির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, কামিনী পাড়া শিব মন্দিরের পুরোহিত নর ভূষণ ত্রিপুরা, এমাং লাইব্রেরির ভূমিদাতা অজিত মোহন ত্রিপুরা এবং পাড়ার কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা এবং তা সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।

খেলা উদযাপন কমিটির আহ্বায়ক দিপন কুমার ত্রিপুরা জানান, অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘সুকৈ খেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, বৈসু উৎসব শেষে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কামিনী পাড়া এমাং লাইব্রেরির স্থায়ী ভবন উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে।