• অপরাধ ময়মনসিংহ
  • ত্রিশালে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগে মাদরাসা সুপারের বিরুদ্ধে মামলা

ত্রিশালে সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগে মাদরাসা সুপারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি বই বিক্রির চেষ্টার অভিযোগে ফুলকুড়ি দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. ইউনুস আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযানের পর জব্দ করা বইবোঝাই পিকআপ ও আটক চালককে থানায় হস্তান্তরের ঘটনায় এ মামলা রুজু করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান তার অফিসিয়াল ফেসবুক আইডিতে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৪ জুন) উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি মোড়ে স্থানীয়রা একটি মিনিট্রাকে বিপুল পরিমাণ সরকারি বই দেখতে পেয়ে সেটি আটক করেন।

পরে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ত্রিশাল থানায় খবর দেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বইবোঝাই ট্রাকটি থানায় নিয়ে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক জানান, বীররামপুর ফুলকুড়ি দাখিল মাদরাসার সুপার মো. ইউনুস আলী বিক্রির উদ্দেশ্যে বইগুলো ট্রাকে তুলে দিয়েছিলেন। তবে অভিযুক্ত সুপার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকীর নির্দেশনায় বইসহ ট্রাক ও চালককে ত্রিশাল থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আটক বইসহ ট্রাক ও চালককে আদালতে উপস্থাপনের জন্য থানার কাছে হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে মাদরাসার সুপার মো. ইউনুস আলীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহাম্মদ বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। একই সঙ্গে সরকারি বইগুলো কীভাবে এবং কোন উদ্দেশ্যে সরানো হচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ আত্মসাৎ বা বিক্রির যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রোববার উপজেলার বীররামপুর ফুলকুড়ি দাখিল মাদরাসা থেকে প্রায় এক টন সরকারি বই একটি পিকআপে তোলা হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেয়।

এ ঘটনায় পিকআপচালক মো. জাকারিয়াকে আটক করা হলেও অভিযুক্ত মাদরাসা সুপার ইউনুস আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর