খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ , ২১ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২১জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান (পিএসসি), খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফছার এবং বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য দেশ গঠনে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনানিবাসের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ বলে আয়োজকরা উল্লেখ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর