বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রামগড়ে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পূর্ব তৈচাকমা চৌকপাড়া পাড়াকেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ সমাবেশের আয়োজন করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচকেআই), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাবারাং কল্যাণ সমিতি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগড়।

কমিউনিটি নিউট্রিশন প্রমোটার (সিএনপি) মনিবালা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শুরুতে ফিল্ড কো-অর্ডিনেটর ক্যাশেনু চৌধুরী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন।

তিনি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব, শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধের অপরিহার্য ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

পরে তৈচাকমা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিজেন্দ্র ত্রিপুরা মা ও শিশুর পুষ্টি, নিয়মিত টিকাদান, গর্ভবতী ও প্রসূতি মায়ের সুষম খাদ্য গ্রহণ, নবজাতকের সঠিক পরিচর্যা এবং ছয় মাস বয়সের পর শিশুকে পরিপূরক খাবার দেওয়ার পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ প্রদান করেন।

সমাপনী পর্বে ফিল্ড কো-অর্ডিনেটর চুপান্তি ত্রিপুরা শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানোর উপকারিতা, পুষ্টি ও অপুষ্টি প্রতিরোধ, বয়স উপযোগী পরিপূরক খাবার, শিশুকে সঠিকভাবে মাতৃদুগ্ধ পান করানোর কৌশল এবং মায়ের দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম, নিরাপদ ও পূর্ণাঙ্গ খাদ্য, যা শিশুর অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী মায়েদের মাতৃদুগ্ধ খাওয়ানোর সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়।

এ সময় বিষয়টি সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপনকারী এক মাকে পুরস্কৃত করা হয়। পরে উপস্থিত মায়েদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।