বর্ণিল আয়োজনে শার্শায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যশোর জেলার শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ​আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) সকালে শার্শা বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

পতাকা উত্তোলন করেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি-হাসান জহির ও সাধারণ সম্পাদক- মো.নুরুজ্জামান লিটন। এ সময় শার্শা উপজেলা বিএনপি’র সকল স্তরের শত শত নেতা-কর্মীরা এতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ দলের ইতিহাস, ভূমিকা ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা মঞ্চে নুরুজ্জামান লিটন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মহৎ ও সাহসী নেতা ছিলেন, যিনি স্বাধীনতা ও জাতীয়তাবাদের আদর্শ নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সততা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এবং তাঁর আদর্শকে পাথেয় করেই বিএনপি এগিয়ে চলছে।

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসীম সাহসের সাথে দেশের মানুষের পাশে রয়েছেন এবং দেশকে একটি আধুনিক রোল মডেলে পরিণত করতে কাজ করে যাচ্ছেন।

আগামী দিনে দলের সকল স্তরের নেতাকর্মীদের সব অপশক্তি মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকার এবং দলের সিদ্ধান্ত মেনে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

বিকালে বেনাপোল পৌর বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় এক ব্যতিক্রমী ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​শোভাযাত্রাটিতে ব্যানার, ফেস্টুন, ব্যান্ডপার্টি ও স্লোগানের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ী।

সাজানো ঘোড়ার গাড়ীটি র‍্যালিতে ভিন্ন মাত্রা যোগ করেছে, যা উৎসুক জনতা ও নেতাকর্মীদের মাঝে বেশ সাড়া ফেলে। বর্ণাঢ্য ঐ র‍্যালি তে নেতৃত্ব দেন পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত।

​উল্লেখ্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

​প্রতিষ্ঠাতা: সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মর্মান্তিক ও ব্যর্থ সামরিক অভ্যুত্থানে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান।

এদিকে, সকালের দিকে বেনাপোল স্থল বন্দরের শ্রমিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক বিশাল র‍্যালি বের করা হয়। বন্দর এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় প্রায় ৩ থেকে ৪ হাজার বন্দর শ্রমিকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

​র‍্যালিতে উপস্থিত হয়ে নেতৃত্ব দেন: হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫: সভাপতি তবিবর রহমান এবং সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১: সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন।

​র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী।

তিনি বিএনপির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে বন্দরের কার্যক্রম গতিশীল রাখার আহ্বান জানান।

এ ছাড়াও বেনাপোল পৌরসভা সহ শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর