• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ​প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেনাপোলে বৃক্ষরোপণ: পৌর গেইটে সাংবাদিকদের মুখোমুখি আবু তাহের ভারত

​প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেনাপোলে বৃক্ষরোপণ: পৌর গেইটে সাংবাদিকদের মুখোমুখি আবু তাহের ভারত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি আধুনিক-সবুজ সীমান্ত শহর গড়ে তোলার লক্ষ্যে বেনাপোলে অব্যাহত রয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেনাপোলের ঐতিহাসিক সর্ববৃহৎ পৌর গেইট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে সাংবাদিকদের সাথে সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. আবু তাহের ভারত।

​সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় সারা দেশে বছরব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, তারই ধারাবাহিকতায় আমরা বেনাপোল সীমান্ত এলাকাকে একটি ‘সবুজ ও পরিচ্ছন্ন পৌরসভা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ।”

​সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু তাহের ভারত তাঁর বক্তব্যে আরো যে বিষয়গুলো তুলে ধরেন: তিনি জানান, প্রধানমন্ত্রী সারা দেশে বছরে ৫ কোটি গাছ রোপণের লক্ষ্য ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে বেনাপোল পৌর এলাকায় আগামী পাঁচ বছরে মোট ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

ইতিমধ্যে গত তিন মাসে বেনাপোল চেকপোস্ট থেকে পৌর সীমান্ত গেইট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে, পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের আঙ্গিনায় প্রায় ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ সম্পূর্ণ করা হয়েছে।

ভারতের প্রবেশদ্বার হিসেবে বেনাপোলের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, “বাইরে থেকে আগত পর্যটক ও যাত্রীরা যেন চেকপোস্ট অতিক্রম করেই একটি পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা নান্দনিক বেনাপোল দেখতে পান, সেই লক্ষে কাজ চলছে।”

কেবল গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, চারাগুলো যেন সঠিকভাবে বেড়ে ওঠে তার জন্য পরিচর্যা ও নিয়মিত রক্ষনাবেক্ষণের জন্য টিম গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
​
‘গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ছায়া দেয়’ এই স্লোগানকে ধারণ করে স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

​কর্মসূচি শেষে পৌর গেইট সংলগ্ন মহাসড়কের পাশে নিজ হাতে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন আবু তাহের ভারত। এ সময় উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁর এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং কর্মসূচিতে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

​উক্ত বৃক্ষরোপণ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বেল্টু,সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ।

মন্তব্য লিখুন