অপরাধী যত বড় প্রভাবশালীই হোক কোনো ছাড় দেওয়া হবে না : এমপি হিলালী

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, অপরাধী অপরাধীই। সে যে-ই হোক, যে দলেরই হোক, যত বড় প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যারা জড়িত, তারা সুস্থ-মস্তিষ্কের মানুষ হতে পারে না। তাদেরকে সামাজিক ভাবে বয়কট এবং প্রতিরোধ করতে হবে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে সর্বদলীয় ঐক্য পরিষদের আয়োজনে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হিলালী বলেন, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কাজেই এসব অপরাধীর সঙ্গে কোনো আপস করব না।

সর্বদলীয় ঐক্য পরিষদের প্রশংসা করে তিনি বলেন, রোয়াইলবাড়িতে সর্বদলীয় ঐক্য পরিষদ গঠন করে আপনারা একটি নজির স্থাপন করেছেন।

আপনাদের সব সিদ্ধান্তের সঙ্গে আমার অবস্থান একমত থাকবে। সমাজের অপরাধ দমনে আপনাদের এই উদ্যোগ সমগ্র নেত্রকোনা, এমনকি বাংলাদেশের জন্যও রোল মডেল হতে পারে। আমি আবারও বলছি, অপরাধী যত বড়ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি আবুল হোসেন ভূঁইয়া সুরুজ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাকিব আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলাম, ইউএনও সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক খায়রুল কবির নিয়োগী।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সোচ্চার থাকার শপথ পাঠ করান পুলিশ সুপার তরিকুল ইসলাম।

মন্তব্য লিখুন

আরও খবর