• রংপুর শীর্ষ সংবাদ
  • তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির নির্বাচন

তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে ‘তেঁতুলিয়া উপজেলা দোকান ও প্রতিষ্ঠান ব্যবসায়ী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমিতির মোট ৮৩৩ জন ভোটার আগামী ৩বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

জানা গেছে, সমিতির মোট ৯টি পদের মধ্যে ৮টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অপর একটি পদ সহ-সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন ও কার্যকরি সদস্য পদে ৫ জন।

নির্বাচনর সার্বিক পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ জানান, ‘প্রার্থী ও ভোটারদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনের এই সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফ খান ও কাজী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজকিনুর রহমান পিন্টু, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য রিয়াজ উর রহমান, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ প্রমূখ উপস্থিত ছিলেন।