মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ , ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে লাঞ্ছিত ও, উপসহকারী মেডিকেল অফিসারকে মারধরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন চিকিৎসক ও সেবাদানকারীরা।

কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে মানববন্ধন করেন তারা । এ সময় শুধুমাত্র হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়।

এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা শতশত রোগী এবং তাদের স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগে রোগীরা চিকিৎসার জন্য গেলেও তাদের ফিরে যেতে দেখা গেছে। তবে হাসপাতালে প্রতিদিন প্রায় তিন শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে থাকেন।

উল্লেখ্য , গতকাল বুধবার বেলা ১২ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল হামলা করে। হামলায় উপসহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু’জন নারী মেডিকেল অফিসারকেও।এ ঘটনায় বুধবার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য লিখুন