শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ দুই ভাইয়ের লাশ মিললো ধানক্ষেতে

প্রকাশিত: ৫:০২ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহরিয়ার মিল্টন, শেরপুর : পাহাড়ি ঢলের পানির স্রোতের তোড়ে শেরপুরে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে ধানক্ষেতে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের ধানক্ষেত থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতরা হলেন- হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৮)। তারা ওই ইউনিয়নের অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে ।

স্থানীয়রা জানান, শুক্রবার নিজ বাড়ি থেকে চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হন দুই ভাই। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। কুতুবাকুড়া গ্রামের কৃষক হারুন ও সিরাজুল ইসলাম শনিবার বিকেলে তাদের ধানক্ষেত দেখতে গেলে একসাথে ওই দুইজনের লাশ পড়ে থাকতে দেখেন।

খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশি ও তাদের স্বজনরা ছুটে এসে তারা লাশ দুটি সনাক্ত করতে পারেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য লিখুন