হেলিকপ্টারে ঢাকায় আনা হলো শহীদ আবু সাঈদের অসুস্থ বাবা

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। মকবুল হোসেনের হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, ‘শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর।

গত ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে সিএমএইচ, রংপুরে ভর্তি হন। পরবর্তীতে, তাকে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৫০০ ঘটিকায় হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে আজ (১১ ডিসেম্বর ২০২৪) রাতে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এ ঘটনায় ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

গত ২৮ নভেম্বর ঢাকায় এসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে গিয়েছিলেন মকবুল হোসেন ও আবু সাঈদের পরিবারের সদস্যরা।

মন্তব্য লিখুন

আরও খবর