খাগড়াছড়িতে তিনদিনব্যাপী মিউজিক ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ , ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে তিনদিনব্যাপী মিউজিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ির উদ্যোগে গত ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের মিউজিক ক্যাম্পটি খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটে, দ্বিতীয় দিন ম্যাগনেট ক্যাফে রেস্টুরেন্ট, ধর্মপুরে এবং সমাপনী দিনটি তারেং চুমুই রিসোর্ট, খাগড়াছড়িতে সম্পন্ন হয়। এ ক্যাম্পে শিল্পীরা প্রকৃতির সান্নিধ্যে থেকে গান লিখেছেন ও সুর দিয়েছেন। এবারের আয়োজনে চাকমা, মারমা ও ত্রিপুরা দলের শিল্পীরা ৪টি করে মোট ১২টি গান রচনা ও সুর দিয়েছেন। পাশাপাশি, প্রথমবারের মতো অংশগ্রহণকারী সাঁওতাল গ্রুপ ২টি গান রচনা করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির সম্মানিত সদস্য নিটোল মনি চাকমা, স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, জেলা তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন এবং খাগড়াছড়ির সিনিয়র শিল্পীদের প্রতিনিধি কনক বরণ ত্রিপুরা।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সংগীত প্রশিক্ষক অমলেন্দু মজুমদার।

এই আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে আরও বিকশিত ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর