ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে নদীর দুই পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস, ১টি ট্রাক, ১টি ভেকু জব্দ, বালু উত্তোলনের ১১টি বাঁশের মাচা, অসংখ্য পাইপ ও অবৈধ সরঞ্জাম রাখার ২টি অস্থায়ী ঘর ভেংগে গুড়িয়ে দেওয়া হয়েছে।

একইসাথে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় ভোগাই নদীতে ওই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর