কমলগঞ্জের লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের লাউয়াছড়া বনের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত ছিল না এবং তিনি ট্রেনে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন। সেদিন সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে ভিক্ষা করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় কেটে যায় তার দুই পা।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, নিহত হাওয়া বেগমের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।