খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীদের জীবনদক্ষতা ও নেতৃত্ব বিকাশ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীদের ক্ষমতায়ন, জীবনদক্ষতা উন্নয়ন এবং খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে “Swim for Strength: Life Skills and Sports Empowerment for Indigenous Girls in Khagrachari” শীর্ষক কর্মসূচির আওতায় একটি জীবনদক্ষতা ও নেতৃত্ব বিকাশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বয়সী আদিবাসী কিশোরী ও তরুণীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সামাজিক অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) ও ইউএনএফপিএ-এর জেলা এসআরএইচআর সমন্বয়কারী ডা. শ্রাবস্তী চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির (কেএমকেএস) সম্পাদক ও নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, অভিভাবক ও উদ্যোক্তা প্রবীর ত্রিপুরা এবং ইউনেস্কো কক্সবাজার ফিল্ড অফিসের জেলা কর্মকর্তা ধনা রঞ্জন ত্রিপুরা।

বক্তারা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নেতৃত্ব এবং খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, জীবনদক্ষতা অর্জন ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কিশোরীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলেও তারা মত দেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কার্যক্রম, আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নেতৃত্ব ও ব্যক্তিগত সক্ষমতা উন্নয়নের বিষয়ে ধারণা লাভ করেন।

উল্লেখ্য, কর্মসূচিটি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। আয়োজকদের মতে, আদিবাসী কিশোরীদের সামাজিক ও ব্যক্তিগত বিকাশে সহায়ক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন