খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি সদর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘হামরনাই বন্থা’।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা। তিনি বলেন, “মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড।

যেকোনো জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমালোচনা না করে একে অপরকে সহযোগিতা করতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

‘হামরনাই বন্থা’র সভাপতি মিলন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দিগন্ত ত্রিপুরা। সাধারণ সম্পাদক মনিকা রোয়াজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ও পাড়াকারবারি গৌরি মালা ত্রিপুরা, ওয়ার্ড সদস্য বিজয় রোয়াজা, বিটিকেএস খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, হামরনাই বন্থার প্রতিষ্ঠাতা সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা এবং ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের সভাপতি প্রজ্জলময় রোয়াজা সহ সংশ্লিষ্টরা।

এ সময় ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বরুন ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের ধৈর্য, সহনশীলতা ও অধ্যবসায় প্রয়োজন। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যেতে হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সংগঠনের কর্মএলাকা থেকে ২০২৬ সালে মোট ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনুষ্ঠানে তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে একাদশ শ্রেণির পাঠ্যবই তুলে দেন অতিথিরা। অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে বই দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে হামরনাই বন্থা খাগড়াছড়ি সদর উপজেলার জিরো মাইল থেকে নুনছড়ি এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এবারও সংবর্ধনা ও বই বিতরণের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের কর্মএলাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও উপহার হিসেবে বই দেওয়া হয়।

মন্তব্য লিখুন

আরও খবর