• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ , ১০ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সিভিল সার্জন অফিস। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯৩৮টি কেন্দ্রে মোট ১,০৪,৬৬২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৫,৯২২ শিশুকে নীল রঙের ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৮৮,৭৪০ শিশুকে লাল রঙের ক্যাপসুল (২ লাখ আইইউ) দেওয়া হবে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের বলেন, “সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে নিশ্চিত করতে হবে।”

মন্তব্য লিখুন