খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে সভা

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শারদীয় দুর্গাপূজা ঘিরে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজা চলাকালে জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় খাগড়াছড়ি রিজিয়ন, বিজিবি সেক্টর, জেলা পুলিশ, পার্বত্য জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, ব্যবসায়ী সমিতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পূজা উদযাপনের পরিবেশ স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, সবার সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

মন্তব্য লিখুন