খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ খাগড়াছড়ির নয় উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৭৮ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণে দল-মত বিবেচনা না করে প্রকৃত প্রয়োজন ও সুবিধাবঞ্চিত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। নিজেদের সক্ষমতা গড়ে তুলতে সবাইকে চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, কর্মসংস্থান ও স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে নয় উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় কলেজ পর্যায়ে ২০৪ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৯৭ জন, দীঘিনালায় ৮৭ ও ৪৩ জন, লক্ষ্মীছড়িতে ১৪ ও ১৪ জন, মহালছড়িতে ৩২ ও ১৮ জন, মাটিরাঙ্গায় ৪২ ও ৩৫ জন, গুইমারায় ২০ ও ১৭ জন, পানছড়িতে ৭৫ ও ৩০ জন, মানিকছড়িতে ৫ ও ১৫ জন এবং রামগড়ে ১৪ ও ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

সব মিলিয়ে কলেজ পর্যায়ে ৪৯৩ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৮৫ জন শিক্ষার্থীসহ মোট ৭৭৮ জন বৃত্তির আওতায় এসেছেন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর