• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্কুল ক্লাব ও ওয়াটার পয়েন্ট স্থাপন

খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্কুল ক্লাব ও ওয়াটার পয়েন্ট স্থাপন

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ২০ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নে শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে বাটনাতলী উচ্চবিদ্যালয়ে একটি স্পোর্টস ক্লাব ও একটি কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়।

পাশাপাশি দূর্গম আসালংপাড়া এলাকায় একটি সুপেয় পানির ওয়াটার পয়েন্ট পুনরায় সংস্কার করে চালু করা হয়েছে।

সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি, পিএসসি, জি এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

গত ১৮ মে ২০২৬ তারিখে জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং), ২৪ পদাতিক ডিভিশন বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং সুপেয় পানির সংকট নিরসনের বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

পরিদর্শনকালে জিওসি তাৎক্ষণিকভাবে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সিন্দুকছড়ি জোনকে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয় বলে জানানো হয়েছে।

বাটনাতলী উচ্চবিদ্যালয়ে স্পোর্টস ক্লাব উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য ৩টি ফুটবল, ২টি ভলিবল, ১টি ভলিবল নেট, ২টি ক্যারম বোর্ড ও ২টি দাবা বোর্ড প্রদান করা হয়।

এছাড়া ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ৩০ সেট করে মোট ৬০ সেট খেলাধুলার জার্সি বিতরণ করা হয়। উদ্বোধনকালে জোন কমান্ডার শিক্ষার্থীদের সঙ্গে ভলিবল ও ফুটবল খেলায় অংশগ্রহণ করেন।

একই বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়। এতে দুটি আধুনিক ডেস্কটপ কম্পিউটার ও দুটি কম্পিউটার ডেস্ক প্রদান করা হয়েছে।

অন্যদিকে আসালংপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে পুরোনো ওয়াটার পয়েন্টটি সংস্কার করে পুনরায় চালু করা হয়। সংস্কারকাজের অংশ হিসেবে নতুন সোলার প্যানেল, সাবমার্সিবল পাম্প স্থাপন এবং বোরিং মেরামত করা হয়েছে।

এছাড়া বাটনাতলী উচ্চবিদ্যালয়ের শৌচাগার মেরামতের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।