খুলনায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রিকেট লীগ উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম জালাল উদ্দীন:খুলনা

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ লীগের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ জুলফিকার আলী খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বিভাগ লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এস.এম. জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামানসহ খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি নেতৃত্বগুণ বিকাশেও সহায়তা করে।

খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

মন্তব্য লিখুন

আরও খবর