ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন সোনাগাজী পুলিশ 

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ , ২১ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনীর ছোট ফেনী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে নদী তীরবর্তী এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তালতলী জেলেপাড়া সংলগ্ন ছোট ফেনী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল।নদীতে লাশ ভাসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দাগনভূঞা ও সোনাগাজী থানা পুলিশের পৃথক দুটি দল।

ঘটনাস্থলটি দুই থানার সীমান্তবর্তী হওয়ায় প্রাথমিকভাবে কিছুটা জটিলতা তৈরি হলেও, পরবর্তীতে পুলিশ নিশ্চিত করে যে লাশটি সোনাগাজী থানা এলাকার চর মজলিশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সীমানার মধ্যে অবস্থান করছে।

​ঘটনার খবর পেয়ে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর উপস্থিতিতে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন (সুরতহাল রিপোর্ট) প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​এই বিষয়ে জানতে চাইলে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান ‘এশিয়া পোস্ট’-কে বলেন:”আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করি।

মৃত ব্যক্তির শরীরে কোনো পরিচয়জ্ঞাপক কিছু না পাওয়ায় এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।