তানোরে গনভোটের প্রচারনায় মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বকুর হোসেন,রাজশাহী( তানোর): দেশের চাবি আপনার হাতে, গণভোটকে হ্যাঁ বিজয়ের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌরসভায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন মুন্ডুমালা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে ম্যারাথন দৌড়টি শেষ হয়।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে’ জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে সরকারি উদ্যোগে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবেই তানোর ও মুন্ডুমালা পৌরসভায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।

সরকারিভাবে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও রাজনৈতিক দলগুলোর তেমন সক্রিয়তা চোখে পড়ছে না বলে জানান স্থানীয়রা। উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সরকারি অফিসের সামনে ‘দেশের চাবি আপনার হাতে, গণভোটকে হ্যাঁ বলুন’—এই স্লোগান সংবলিত ব্যানার টানানো হয়েছে।

তবে সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ের সাধারণ ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে এখনও পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। এজন্য গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে আরও জোরালো প্রচারণা চালানোর প্রয়োজন রয়েছে। তারা মনে করছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ব্যাহত হতে পারে। তাই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।

ম্যারাথন দৌড়ে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইমরান হোসেন, সিএ তৌফিক হোসেন, তানোর পৌরসভার কার্যসহকারী ওহেদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, কর নির্ধারক বিমল, স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ আল মামুনসহ তানোর ও মুন্ডুমালা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, গণভোটের গুরুত্ব তুলে ধরতে এবং জনগণকে উদ্বুদ্ধ করতেই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।