নেত্রকোনায় গরু লুটকারীদের হামলায় গর্ভজাত শিশু মৃত

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ , ২৮ মার্চ ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া আলীপুর গ্রামে গরু লুটের সময় বাধা দেওয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা রোকেয়া আক্তারের পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। এতে তার পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে তিনি মৃত কন্যা সন্তান প্রসব করেন।

এঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটে। পরিবার ও আশপাশের লোকজন রোকেয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত সন্তানকে মৃত ঘোষণা করেন এবং রোকেয়াকে ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনায় গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাতে ওলি উল্লার ভাতিজা আবুল বাসার বাদী মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের আংগুর মিয়া, রফিকুল ইসলাম, তরিকুল মিয়া, আনসার মিয়া ও মজিবর মিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার মূল কারন হলো ১৪ মার্চ দুই পক্ষের মধ্যে হাঁস লুট এবং ডোবার পানি ঘোলা নিয়ে সংঘর্ষ। পরে রোকেয়ার বাড়িতে হামলা চালিয়ে গরু লুটের চেষ্টা করা হয়। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় রোকেয়া বাধা দিলে আঘাত করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।