পবিপ্রবিতে ডোপ টেস্টের মাধ্যমে স্নাতক শিক্ষার্থী ভর্তি

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম আমির হোসাইন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে চূড়ান্ত ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্টের উদ্বোধণ করেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষক প্রফেসর মোঃ হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এ টেস্টে যাদের পজেটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সিলিং শেষে ভর্তির সুযোগ দেয়া হবে।

তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজেটিভ হবেন তারা ভর্তির জন্য বিবেচিত হবে না।

মন্তব্য লিখুন

আরও খবর