পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পৌর প্রশাসক

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ , ১৫ মে ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা পৌরসভায় চলমান গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। শুক্রবার(১৫ মে) তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডে আইইউআইডিপি-২ এর আওতাধীন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মান যাচাই করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজও নেন।

পৌর প্রশাসক বলেন, পাইকগাছা পৌরসভাকে আধুনিক ও নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

উল্লেখ্য, চলমান এই প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবাসীর যাতায়াত সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।