পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান ও শপিংমল খোলা রাখায় খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ছয় ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে।

তবে কিছু ব্যবসায়ী ওই নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় পৌর সদরের উর্মিমা কমপ্লেক্সের স্যামসাং শোরুমকে ১ হাজার টাকা, বোয়ালিয়া মোড়ের কাপড় ব্যবসায়ী বিষ্ণু পালকে ১ হাজার টাকা, সরল বাজারের তিনটি দোকানকে মোট ১ হাজার ৫০০ টাকা এবং জিরোপয়েন্টের ওয়াল্টন শোরুমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সকল ব্যবসায়ীদের জনস্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার আহ্বান জানান।

এ সময় পেশকার আনিছুর রহমান, তুহিন বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।