পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাম্প্রতিক পদত্যাগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সংগঠনটি বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার (৬জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির যুগ্ম-সমন্বয়ক মানবাধিকারকর্মী জাকির হোসেন এবং অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের একশ দিন অতিক্রম করলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। ফলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

তাদের দাবি, মন্ত্রীর পদত্যাগকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জনমনে সন্দেহ ও উদ্বেগের সৃষ্টি করেছে। এ অবস্থায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ জরুরি।

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের পূর্ববর্তী দাবিও পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সরকারকে সময়সীমাবদ্ধ একটি বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হয়।

এ ছাড়া চুক্তির অন্যতম পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে অর্থবহ সংলাপ শুরু করারও দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম প্রশ্ন কেবল আঞ্চলিক বা প্রশাসনিক বিষয় নয়; এটি দেশের গণতন্ত্র, বহুজাতিক বাস্তবতা এবং জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

এ কারণে বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে সর্বদলীয় জাতীয় সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুগ্ম-সমন্বয়কদ্বয় আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করবে।

প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত দীপক শীল।

মন্তব্য লিখুন

আরও খবর