মানিকছড়িতে আস্থা ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির মানিকছড়িতে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা হয়।

আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক কমলা মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেবপ্রসাদ দত্ত ও নাগরিক প্লাটফর্মের সদস্য আবদুল মান্নান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ও আস্থা প্রকল্পের কার্যক্রমের উপর মাল্টিমিডিয়া উপস্থাপন করেন প্রকল্পের খাগড়াছড়ি জেলা কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান। সঞ্চালনা করেন ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, “দূর্যোগ মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকাসক্তি রোধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ চাইলে সবক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব।”

তিনি আরও বলেন, আস্থা প্রকল্প চলমান রাখতে পারলে মানিকছড়ি উপজেলাকে একটি অসাম্প্রদায়িক, অহিংস ও সংবেদনশীল উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।

সভায় আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে— গ্রাম ও কমিউনিটি ভিত্তিক ক্লাব ও যুব সংগঠন প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ, কলেজ ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে অধিপরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জনে প্রচারাভিযান।

সভায় ফিল্ড অফিসার তুহিন চাকমা, ফিল্ড অ্যাসোসিয়েট কাপিরি চাকমা ও সোনিয়া দাশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সাল থেকে খাগড়াছড়ির সবকটি (৯টি) উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি উপজেলায় ৩০ সদস্যের একটি করে আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে। প্রতি তিন মাস অন্তর এসব গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।