সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে ৪নং ওয়ার্ড ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ১নং ওয়ার্ড ফুটবল একাদশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, অন্যতম সদস্য মো. মাহফুজুল হক চৌধুরী (বাবু), সদস্য আবু সাইদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।

১নং সাপাহার ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পাওয়ার্ড বাই হিসেবে ছিল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।