• রাজশাহী শীর্ষ সংবাদ
  • সাপাহারে পূবালী ব্যাংকের ক্যাশলেস সম্প্রসারণ ও ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাপাহারে পূবালী ব্যাংকের ক্যাশলেস সম্প্রসারণ ও ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবং ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে উপজেলার সাপাহার নিউ মার্কেটে এই কর্মসূচি পালিত হয়।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টায় সাপাহার নিউ মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নাজির উদ্দিন বলেন, “বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন কেবল শৌখিনতা নয়, বরং এটি সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের অর্থনৈতিক লেনদেনকেও স্মার্ট ও ডিজিটাল করতে হবে।

পূবালী ব্যাংকের এই উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এবং নির্মইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক।

ক্যাম্পেইনে পূবালী ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল সেবাগুলো গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘পাই ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন, মার্চেন্ট পিওএস সেবা, এটিএম, সিআরএম এবং সিডিএম মেশিনের ব্যবহার। এছাড়াও দ্রুত ঋণ সুবিধা, ক্রেডিট কার্ড এবং আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয়ী হিসাব সম্পর্কে গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ১২ ও ১৩ এপ্রিল দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে সাপাহার উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এখন থেকে গ্রাহকরা পকেটে নগদ টাকা না রেখেও কিউআর কোড বা কার্ডের মাধ্যমে তাদের দৈনন্দিন কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহারের নিয়মাবলী শিখিয়ে দেন।

এসময় সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়লান আবেদীন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোতাহার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর