১১৯৮ নম্বর পেয়ে এসএসসিতে কৃতিত্ব, পাইলট হওয়ার স্বপ্ন রাইসা জান্নাতের

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ , ১২ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর এলাকার কৃতী সন্তান রাইসা জান্নাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছেন। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৫.০০ অর্জনের পাশাপাশি মোট ১১৯৮ নম্বর পেয়েছেন।

রাইসার এ কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। উচ্চশিক্ষা শেষে একজন আদর্শ পাইলট হয়ে দেশ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেন তিনি।

রাইসার এই সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং তাঁর নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। রাইসার বাবা মো. জিয়াউর রহমান রাজশাহীর গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা মোসা. রাবেয়া আক্তার একজন গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে রাইসা সবার বড়।

মেয়ের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে রাইসার বাবা মো. জিয়াউর রহমান বলেন, “রাইসার এই ফলাফলে একজন বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। আমরা সবসময় তাকে নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছি। ভবিষ্যতে সে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণে পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। রাইসা যেন একজন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”

নিজের সাফল্যের অনুভূতি ব্যক্ত করে রাইসা জান্নাত বলেন, “নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ এবং বাবা-মায়ের উৎসাহ আমাকে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ পাইলট হতে চাই। পাশাপাশি দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

রাইসা জান্নাতের এমন কৃতিত্বে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও স্বপ্ন পূরণের জন্য সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর