২১ জুলাই খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘মিট দ্য প্রেস’

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ , ২০ জুলাই ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন

আগামী ২১ জুলাই খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক কর্মসূচি “দেশ গড়তে জুলাই পদযাত্রা”। এ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জেলা শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন (দক্ষিণাঞ্চল) কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারকে স্মরণ করতেই আগামীকাল সোমবার দুপুর ১২টায় খাগড়াছিতে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে পদযাত্রাটি শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এরপর সেখানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি জেলার সর্বস্তরের জনগণ, ছাত্র, যুবক এবং রাজনৈতিক সচেতন নাগরিকদের পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. হারিচুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, সুবোধ চাকমা এবং দলের অন্যান্য নেতাকর্মীরা।

অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা আরও জানান, পদযাত্রা ও মহাসমাবেশে অংশ নেবেন এনসিপি কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম য়ারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, এবং জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ।