আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়ায় চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণের কানের দুল, পিতলের বিভিন্ন মূর্তি ও পূজার সামগ্রীসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে পলাতক দেখিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো একসময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানায় মামলা করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ একাধিক দল গঠন করে অভিযান শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জারু মিয়া ওরফে আকবর হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মালদার ওরফে হাসিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জারু মিয়া ওরফে আকবর হোসেনের বাড়ি থেকে তাঁর দেখানো মতে দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে অভিযান চালিয়ে আখাউড়া থানার মসজিদপাড়া এলাকার একটি ভাঙারির দোকান থেকে আরও মালামাল উদ্ধার করা হয়।

দোকানটি পলাতক আসামি তাজুল ইসলামের বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বড় রাধারানীর পিতলের মূর্তি, দুটি গৌর-নিতাইয়ের পিতলের মূর্তি, একটি ছোট গোপালের পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি ও একটি পিতলের শঙ্খ রাখার স্ট্যান্ড।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়ার বড় বাজার এলাকার লাল মিয়ার ছেলে জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়া এলাকার নজরুল মালদারের ছেলে আকাশ মালদার ওরফে হাসিব (২৮)।

এ ছাড়া পলাতক আসামি হিসেবে তাজুল ইসলামের নাম উল্লেখ করেছে পুলিশ। তাঁর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া গ্রামে। তিনি আখাউড়ার মসজিদপাড়া এলাকায় ভাড়া থাকতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর