• রাজনীতি রাজশাহী
  • এমপি নয়, জনগণের বন্ধু হয়ে থাকতে চাই — সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান

এমপি নয়, জনগণের বন্ধু হয়ে থাকতে চাই — সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ , ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে আমাকে এমপি সম্বোধন করবেন না। আমি জনগণের বন্ধু হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার ভাই, তাই আমাকে ভাই বলেই ডাকবেন।”

তিনি আরও বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছে। নওগাঁ-১ আসনসহ সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এর আগে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুল কাহার, সহ-সভাপতি বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল), উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও মহিলা দলের সভাপতি শাহানাজ পারভিন প্রমুখ।

আলোচনা সভা ও র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর