কেন্দুয়ায় ঔষধ ব্যবসায়ীদের সাথে ড্রাগ সুপারের মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোনা :নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঔষধ ব্যবসায়ীদের সাথে ড্রাগ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মো. শাহজাহান বাঙালী। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি আব্দুর রউফ, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম খান উত্থান, সহসভাপতি ফরহাদ আহমেদ, উপজেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির উপদেষ্টা আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার হাফসা নাজনীন বলেন, যাদের এখনো ড্রাগ লাইসেন্স হয়নি, তারা দ্রুত লাইসেন্স সংগ্রহ করুন এবং যাদের নবায়নের সময় পার হয়ে গেছে, তারা দ্রুত নবায়ন সম্পন্ন করুন। এতে সরকার রাজস্ব পাবে এবং ব্যবসায়ীরা বৈধভাবে নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারবেন।

তিনি আরও বলেন, প্রেসক্রিপশন ছাড়া কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে অনেক রোগীর শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, ফলে অনেক ওষুধ আর কার্যকর হচ্ছে না।

এ কারণে সমাজ, দেশ ও জাতির মঙ্গলের জন্য এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। এছাড়া কোম্পানির দেওয়া স্যাম্পল বিক্রি করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

খন্দকার হাফসা নাজনীন আরও বলেন, ঔষধ ব্যবসা শুধু লাভের জন্য নয়, এটি একটি সম্মানজনক ও সমাজসেবামূলক পেশা। বৈধ পথে ব্যবসা করলে কোনো দিন সমস্যায় পড়তে হবে না।

মন্তব্য লিখুন

আরও খবর