কেন্দুয়ায় স্বাস্থ্য কর্মকর্তার মাথার ওপর বাঁশের ঠেকনা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কার্যালয়ের ফলস সিলিং ভেঙে পড়েছে।

গত ২৮ আগস্ট কার্যালয়ের একটি অংশের সিলিং ধসে পড়ে। এরপর দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ অংশে বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। ফলে কর্মকর্তার কার্যালয়ে এখন মাথার ওপর বাঁশের ঠেকনা দিয়েই চলছে দাপ্তরিক কার্যক্রম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের প্রধান ইউএইচএফপিও কার্যালয়ের ছাদের নিচে স্থাপিত ফলস সিলিংয়ের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এ সময় কার্যালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফলস সিলিংয়ের ভেঙে পড়া অংশের পাশাপাশি আরও কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে বাঁশের কুটি ঠেকনা দিয়ে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তার কার্যালয়ে এভাবে বাঁশের ঠেকনা দিয়ে দাপ্তরিক কাজ চলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, ঘটনার সময়ে আমি বাইরে ছিলাম। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছে। এখনও কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলেই মেরামতের ব্যবস্থা করব।

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, যেকোনো সময় ঝুঁকিপূর্ণ সিলিংয়ের আরও অংশ ভেঙে পড়তে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তাই কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

মন্তব্য লিখুন

আরও খবর