গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এবং বাস্তবায়নে ছিল ইএসডিও।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাঁধন কান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সারওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ফরিদ উদ্দিন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আহমদ এবং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাহেদ আহমদ।

এ সময় ইএসডিওর প্রকল্প বাস্তবায়নে লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটরসহ ইএসডিওর পক্ষে প্রীতি রানী সরকার ও মাসুদ রানা কেয়ার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও করণীয় তুলে ধরে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরতে দিবসটি উপলক্ষে এ আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর