খাগড়াছড়ির ঠাকুছড়ায়

ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের উদ্বোধন

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

“আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়ায় ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫এপ্রিল, ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া নতুন বাজার মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি গেইটে রঙিন ফিতা কেটে, মঞ্চে বেলুন উড়িয়ে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

বৈসু উদযাপন কমিটি, ঠাকুরছড়া নতুন বাজার-এর আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ওয়ারেন্ট অফিসার ননী ব্রত ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের স্বামী ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, প্রাক্তন জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক অরুন বিকাশ ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন এলাকার সমাজসেবক পুলক নারায়ণ ত্রিপুরা।

আলোচনা সভা শেষে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘সুকৈ’ খেলা এবং বিবাহিত বনাম অবিবাহিত নারী-পুরুষদের দড়ি টানাটানি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “জাতির উন্নয়নের পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষা ছাড়া সংস্কৃতি চর্চা ও সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বৈসুতে শুধু আনন্দ-উৎসবে মেতে থাকলে চলবে না, ছেলেমেয়েদের পড়াশোনার দিকেও গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও নেতিবাচক মনোভাব ত্যাগ করে সমাজে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। সকলকে নিয়ে মিলেমিশে, ঐক্যবদ্ধভাবে বসবাস করলেই সমাজ ও জাতি এগিয়ে যাবে।”

মন্তব্য লিখুন

আরও খবর